বাগনানে পান বাজার থেকে উদ্ধার তিল কাছিম, নদীতে ছেড়ে দিলেন স্থানীয় যুবকেরা
নিজস্ব প্রতিনিধি, বাগনান: হাওড়ার বাগনানে পান বাজার এলাকা থেকে একটি তিল কাছিম উদ্ধার করে নদীতে ছেড়ে দিলেন স্থানীয় যুবকেরা। মঙ্গলবার সন্ধ্যায় হারোপ পান বাজার এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকজন যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়া করতে দেখতে পান। এরপর মোবাইলের আলো জ্বালিয়ে কাছে যেতেই তাঁদের নজরে আসে একটি কচ্ছপ। ঝোপের মধ্যে পড়ে থাকা কচ্ছপটিকে তাঁরা সাবধানে উদ্ধার করে নিজেদের এলাকায় নিয়ে আসেন।
এরপর একটি বড় পাত্রে কচ্ছপটিকে নিরাপদে রাখেন যুবকেরা। কচ্ছপটির পরিচর্যা এবং পরবর্তী পদক্ষেপের জন্য পরিবেশপ্রেমী সংগঠনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও কারণে তা সম্ভব হয়নি বলে জানা যায়।
শেষ পর্যন্ত স্থানীয় যুবকেরাই কচ্ছপটিকে নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁরা সেটিকে নিরাপদে নদীতে ছেড়ে দেন বলে স্থানীয় সূত্রে খবর।
স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আগের তুলনায় বাড়ছে। বাগনানের যুবকদের এই উদ্যোগ তারই নজির বলে মনে করছেন তাঁরা। কচ্ছপটিকে উদ্ধার করে নিরাপদে তার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ায় স্থানীয় যুবকদের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেছেন বাসিন্দারা।