শ্রাদ্ধ হল হুমায়ুনের!
মন্ত্র পড়ে শাস্ত্রমতে প্রতীকী পারলৌকিক কাজ সারল বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দুর্গাপুরে এবার অভিনব কর্মসূচি বিজেপির। মঙ্গলবার সিটি সেন্টারে কুশপুতুলে জুতোর মালা পরিয়ে ঘোরানো এবং পরে প্রতীকী কবর দেওয়া হয়। বুধবার মন্ত্রোচ্চারণ করে হুমায়ুন কবীরের প্রতীকী শ্রাদ্ধের আয়োজন করা হল।দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের উত্তরপল্লি এলাকায় এই কর্মসূচিতে পুরোহিতের ভূমিকায় ছিলেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক স্বাধীন ঘোষ। মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রতীকীভাবে পারলৌকিক কাজ সম্পন্ন করেন তিনি। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে হুমায়ুন কবীরের অশালীন মন্তব্য এবং তাঁর মৃত্যু কামনার অভিযোগের প্রতিবাদেই এই কর্মসূচি। এর আগে মঙ্গলবার সিটি সেন্টারে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে হুমায়ুন কবীরের কুশপুতুল খাটে চাপিয়ে ঘোরানো হয়। কুশপুতুলে পরানো হয়েছিল জুতোর মালা, হাতে ছিল কালো পতাকা। পরে সেটি প্রতীকীভাবে কবরও দেওয়া হয়। সেই ঘটনার পর এবার উত্তরপল্লিতে মন্ত্র পড়ে হুমায়ুন কবীরের প্রতীকী পারলৌকিক কাজ হয় বিজেপির ওবিসি মোর্চার জেলা সাধারণ সম্পাদক স্বাধীন ঘোষের দাবি, হুমায়ুন কবীরের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ করা হোক। তাঁকে এনআইএ-র হাতে তুলে দিয়ে গোটা ঘটনার তদন্ত এবং শাস্তির দাবি তুলেছেন তিনি। একই দাবি জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী মিঠু রায়ও।