কমলপুরে নাকা চেকিংয়ে ৪০ লক্ষ টাকা উদ্ধার! বোলেরো থেকে নগদ উদ্ধারে আটক ৫
কমলপুর: নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন বোলেরো গাড়ি থেকে উদ্ধার হলো নগদ ৪০ লক্ষ টাকা। ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনকে আটক করেছে কমলপুর থানার পুলিশ।
শনিবার রাত আনুমানিক ৮টা নাগাদ কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী এলাকায় নাকা চেকিং চলছিল। কমলপুর ট্রাফিক ইনচার্জ পঙ্কজ দেবনাথ এবং কমলপুর থানার ওসি সুমন আচার্যের যৌথ নেতৃত্বে চলছিল এই তল্লাশি অভিযান।
সেই সময় ধর্মনগর থেকে আগরতলাগামী একটি প্রাইভেট বোলেরো, যার নম্বর TR 01 CD 0692, সন্দেহ হওয়ায় সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।
ঘটনায় আটক পাঁচজন হলেন—মুক্তার হোসেন, জসিম মিয়া, কবির মিয়া, লিটন মিয়া এবং রবীন্দ্র দাস। তাঁদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা সুপারি ব্যবসার লেনদেনের টাকা। তবে পুলিশের দাবি, তাঁদের বক্তব্যে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। পাঁচজনের বাড়ি রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়া এবং টাকার উৎস সম্পর্কে তাঁদের বক্তব্যে অসামঞ্জস্য থাকায় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
উদ্ধার হওয়া ৪০ লক্ষ টাকা মেশিনের মাধ্যমে গণনা করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন কমলপুর মহকুমার ডিসিএম অদিতি দাস, এসডিপিও সৌরভ দাস, কমলপুর থানার পুলিশ অফিসার কপিল পাল-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সাব-ইন্সপেক্টররা।
এই বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে এল, কার কাছ থেকে এই টাকা এসেছে এবং এর সঙ্গে অন্য কেউ বা কোনও চক্র জড়িত রয়েছে কি না—সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া টাকা ও আটক পাঁচজনকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। তদন্ত এগোলেই টাকার প্রকৃত উৎস এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য সামনে আসবে বলে জানিয়েছে পুলিশ।
Ambassa, Dhalai | Sep 20, 2026