গদাই কর্মকার মালদাঃ এসআইআর-এর নামে গণতন্ত্র হত্যার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মালদায় পথে নামল কংগ্রেস। সোমবার বিকেলে মালদা শহরের রাজপথে মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে জেলা কংগ্রেস। নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিও তোলা হয় এদিনের কর্মসূচি থেকে। উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক চলছে এবং কংগ্রেসসহ বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুলেছে।
এদিনের মিছিল ও প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন মালদা জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ ইশা খান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম, মোস্তাক আলম, আলবেরুণি , আসিফ মেহেবুব-সহ অন্যান্য নেতা-কর্মীরা। মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতৃত্ব এসআইআর প্রক্রিয়া নিয়ে নিজেদের আপত্তির কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, এসআইআর-এর মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।