বরাকের তিন জেলার ২০০-রও বেশি প্রতিযোগীর অংশগ্রহণে শিলচরে সাংস্কৃতিক প্রতিযোগিতা
শিলচর, ২৫ নভেম্বর: বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যই একটি দেশের আত্মা। বুধবার শিলচরের টাউন হাইস্কুলে আয়োজিত বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ (VBYLD) ২০২৬-এর জোনাল স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক মারিয়া তানিম, এ সি এস।
অসম সরকারের সাংস্কৃতিক বিষয়ক বিভাগ ও কাছাড় জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি—তিন জেলার ২০০-রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় লোকনৃত্য, লোকসংগীত, পথনাটিকা, চিত্রাঙ্কন ও কবিতা লেখাসহ মোট পাঁচটি বিভাগে প্রতিযোগীরা নিজেদের প্রতিভা তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন ও অতিথিদের সংবর্ধনা জানানো হয়। পরে বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সহকারী জেলাশাসক মাসি টোপনো, সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক স্নেহাংশু শেখর রায়, শান্তনু সেনগুপ্ত, শ্যামেন্দ্র কুমার দেবসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
Silchar, Cachar | Nov 25, 2026