দুর্গাপুরে ভাঙা হল নেহরুর মূর্তি, ২৪ ঘণ্টার ডেডলাইন কংগ্রেসের
দুর্গাপুরে আক্রান্ত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি। অভিযোগ, মূর্তিটি ক্রেন দিয়ে উপড়ে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে হর্ষবর্ধন প্রাইমারি স্কুলের পাশে থাকা একটি মেডিটেশন সেন্টারের সামনে।
কংগ্রেসের অভিযোগ, শুক্রবার রাখিবন্ধন অনুষ্ঠানের জন্য জায়গা খালি করতেই এই কাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে জেলা কংগ্রেস নেতৃত্ব। তারা এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে।
জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, “নেহরুর মূর্তিটি ক্রেন দিয়ে উপড়ে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। সেখানে রাখিবন্ধনের অনুষ্ঠান হয়েছে, যেখানে দুর্গাপুর পূর্বের বিধায়কও ছিলেন। নেহরুর এই অপমান আমরা মানব না। পুলিশকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি মূর্তি স্বস্থানে ফেরানোর, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”
যদিও কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, “কংগ্রেসের একটি গোষ্ঠী চোরাভাবে তৃণমূল করছে, তারাই এই কাজ করেছে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। আমিই একবার দাঁড়িয়ে থেকে রাজীব গান্ধীর মূর্তি ভাঙা আটকেছি। নেহরুর মূর্তি ভাঙার পিছনেও বিজেপি নেই, দোষীদের শাস্তি চাই।”
এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।