দুই মৃত্যুর ঘটনায় ঘাতক গাড়ির চালক গ্রেফতার! ঘটনা খোয়াই বাইজল বাড়ি এলাকায়।
বীভৎস সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় যুবতীরও মৃত্যু!!বীভৎস সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর শালিকারও। মর্মান্তিক এই ঘটনায় মৃত দুইজন হলেন রতীশ দেববর্মা ও বিল্লু দেববর্মা। চলতি মাসের ২০ তারিখ বৃহস্পতিবার বিকেলে খোয়াই-বাইজালবাড়ি থানার অন্তর্গত মোহনবাড়ি টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রতিশ দেববর্মা তাঁর শালিকা বিল্লু দেববর্মাকে চাম্পাহাওর থানার অন্তর্গত মায়েঙবেকারিং এলাকায় শালিকা বাড়ি থেকে নিয়ে ওর নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাইকে রওনা হন। দুজনেই একই বাইকে ছিলেন। মোহনবাড়ি টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় পৌঁছতেই একটি জ্বালানির ট্যাঙ্কার ট্রাকের সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হয়।সংঘর্ষের পর রতিশ দেববর্মা বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং ট্যাঙ্কার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায় বলে স্থানীয়রা জানান।অন্যদিকে বাইকে থাকা বিল্লু দেববর্মা গুরুতর আহত হন। খবর পেয়ে বাইজালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর দ্বিতীয় দিন চিকিৎসাধীন অবস্থায় বিল্লু দেববর্মার মৃত্যু হয়। ফলে একই মর্মান্তিক দুর্ঘটনায় রতিশ দেববর্মার পর প্রাণ হারালেন তাঁর শালিকাও। এই ঘটনায় মৃতদের পরিবার-পরিজন ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।এদিকে দুর্ঘটনার পর ঘটনায় জড়িত জ্বালানির ট্যাঙ্কার ট্রাকটি ধরার জন্য বাইজাল বাড়ি থানার আধিকারিক সিদাই থানা এবং লেফুঙ্গা থানার পুলিশকে আগাম বার্তা পাঠান। সেই মোতাবেক লেফুঙ্গা থানা পুলিশ গাড়িটিকে আটক করতে সক্ষম হন। যদিও দূর থেকে পুলিশ দেখে গাড়ি চালক গাড়ি থামিয়ে পালিয়ে যায়। তারপরে অবশেষে মঙ্গলবার গাড়ির চালককে আটক করতে সক্ষম হয় বাইজালবাড়ি থানার পুলিশ।দুর্ঘটনার প্রকৃত কারণ এবং চালকের কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই দুর্ঘটনায় দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
বাইট - খোয়াই মহকুমার আধিকারিক দেবপ্রসাদ রাই