১১৭ নম্বর জাতীয় সড়ক (NH 117) সংলগ্ন এলাকায় রাস্তার দু'পাশে জমিয়ে রাখা বেআইনি সামগ্রী সরানোর নির্দেশ দিয়ে চরম হুঁশিয়ারি দিল পুলিশ প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানা, বকখালী ট্রাফিক গার্ড এবং এনএইচ (NH) কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এলাকায় মাইকিং করে এই জরুরি ঘোষণা প্রচার করা হয়।
প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জাতীয় সড়কের দু'পাশে যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান ইট, বালি, পাথর, কাঠ, বাঁশ সহ নানা ধরনের নির্মাণ সামগ্রী ও জিনিসপত্র ফেলে রেখেছেন, তাঁদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা নিজের দায়িত্বে সরিয়ে নিতে হবে।
মাইকিংয়ে আরও বলা হয়, নির্দিষ্ট ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যে উক্ত সামগ্রী না সরানো হলে, পুলিশ ও প্রশাসন নিজ উদ্যোগে তা বাজেয়াপ্ত করবে এবং সড়ক পরিষ্কার অভিযান পরিচালনা করবে। যানজট মুক্ত ও নিরাপদ সড়ক নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।