কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে অবৈধ পার্কিংয়ের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন সাধারণ ব্যবসায়ীরা। অভিযোগ, লালদীঘির পারে পার্কিংয়ের ব্যবস্থা থাকা সত্ত্বেও দিনের পর দিন ভবানীগঞ্জ বাজারের ফুটপাত দখল করে রাখা হচ্ছে বাইক, সাইকেল ও টোটো।
এর ফলে বাজারে চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। ব্যবসায়ীদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বৃহস্পতিবার বাধ্য হয়ে পথ অবরোধে নামেন ব্যবসায়ীরা। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, ভবানীগঞ্জ বাজারে অবৈধ পার্কিং অবিলম্বে বন্ধ করতে হবে এবং ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
ব্যবসায়ীদের অভিযোগ, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার বিষয়েও তাঁরা সিদ্ধান্ত নিতে পারেন।