কাছাড়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ, জেলায় মোট ভোটার ১৪.৪৮ লক্ষ
কাছাড় জেলায় ২০২৭ সালের ১ জানুয়ারিকে ভিত্তি করে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। জেলা নির্বাচনী আধিকারিক রাহুল কুমার গুপ্তা শিলচরে এক সর্বদলীয় সভায় আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।
জেলার সাতটি বিধানসভা কেন্দ্র—লক্ষীপুর, উদারবন্দ, কাটিগড়া, বড়খলা, শিলচর, সোনাই ও ধলাই (সংরক্ষিত) মিলিয়ে মোট ভোটার রয়েছেন ১৪,৪৮,৪৮৯ জন। এর মধ্যে পুরুষ ৭,০০,৩৪২, মহিলা ৭,০০,১৪০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১,৭৩৩টি। কেন্দ্রগুলির মধ্যে কাটিগড়ায় সর্বাধিক ২,১৫,৯৮০ জন ভোটার রয়েছেন।
প্রকাশিত খসড়া তালিকা নিয়ে দাবি ও আপত্তি জানানোর সুযোগ থাকছে ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত। সংশ্লিষ্ট BLO-র কাছে অথবা অনলাইনে নির্বাচন কমিশনের পোর্টাল voters.eci.gov.in এবং ECINET অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে।
নির্বাচন কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত নিয়মে আপিল করার সুযোগও রয়েছে। আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২০২৭ সালের ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
Silchar, Cachar | Nov 12, 2026