*স্কুল মোড়ে রাস্তায় হেঁটে চলেছে কুমির! পাথরপ্রতিমায় কুমিরকে ধরে বনদপ্তরের হাতে তুলে দিল স্থানীয়রা*
অমিত মণ্ডল, পাথরপ্রতিমা:
রাস্তা দিয়ে দিব্যি হেঁটে চলেছে একটি জীবন্ত কুমির! দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দূর্বা চটি স্কুলমোড় এলাকায় মঙ্গলবার রাতে এমন দৃশ্য সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতের ফাঁকা রাস্তায় প্রায় চার-সাড়ে চার ফুটের একটি কুমিরের হেঁটে বেড়ানোর সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্থানীয়রা শেষ পর্যন্ত কুমিরটিকে উদ্ধার করা বনদপ্তরের হাতে তুলে দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় দশটা নাগাদ পাথরপ্রতিমার দূর্বাচটি স্কুলমোড় সংলগ্ন এলাকায় আচমকাই একটি চার থেকে সাড়ে চার ফুট লম্বা কুমিরকে রাস্তার পাশে হেঁটে বেড়াতে দেখেন এলাকাবাসীরা। জনবহুল এলাকায় এমন বন্যপ্রাণী চলে আসায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় যুবকরা সাহসিকতার সঙ্গে এগিয়ে যান এবং কৌশল করে কুমিরটিকে ধরে ফেলেন। যাতে কোনো বড় বিপত্তি না ঘটে, সেজন্য নিরাপদে সেটিকে আটকে রাখেন তাঁরা।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাথরপ্রতিমা বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সেটিকে নিয়ম মেনে নদীতে ছেড়ে দেওয়া হবে।