আত্মত্যাগের স্মরণে জারিবন্দে দেশপ্রেমিক দিবস
বীর শহিদ টিকেন্দ্রজিত সিংহের আত্মত্যাগ ও দেশপ্রেমের স্মৃতিতে বৃহস্পতিবার হাইলাকান্দির জারিবন্দে পালিত হল তাঁর ১৩৫তম মৃত্যুবার্ষিকী তথা দেশপ্রেমিক দিবস। পতাকা উত্তোলন, বাইক র্যালি, শোভাযাত্রা, শহিদবেদিতে শ্রদ্ধার্ঘ্য, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনভর ধ্বনিত হল স্বাধীনতার সেই অমর আকাঙ্ক্ষা।
আপোনবা জারিবন্দ থার্টিনথ আগস্ট দেশপ্রেমিক দিবস উদযাপন কমিটির উদ্যোগে ডি জে প্লে গ্রাউন্ডে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়ক ড. মিলন দাস, মণিপুরি সাহিত্য পরিষদ, অসম-এর সভাপতি ড. ফুরিতসাবাম বীরমনি সিংহ-সহ বিশিষ্টজনেরা। সমাজকর্মী বিভাস সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠানে টিকেন্দ্রজিতের জীবন, সংগ্রাম ও আত্মত্যাগ নিয়ে আলোচনা হয়।সকাল ৭টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। সাড়ে ৭টায় বের হয় বর্ণাঢ্য বাইক র্যালি ও শোভাযাত্রা। পরে শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন এবং প্রদীপ ও মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় প্রকাশ্য অধিবেশন। বক্তারা বলেন, ১৮৯১-এর অ্যাংলো-মণিপুর যুদ্ধে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে টিকেন্দ্রজিতের সাহসী নেতৃত্ব আজও নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত। বিধায়ক ড. মিলন দাসও তাঁর আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
দিনের শেষ পর্বে থাং-তা, মণিপুরি নৃত্য, পুং চোলোম ও নাটকের মাধ্যমে ফুটে ওঠে মণিপুরি সমাজের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য।এ দিন লালা শহরেও টিকেন্দ্রজিতের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।