ডেমডুমে বিলাসবহুল গাড়ি থেকে ২৭১.৪৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ২।
কুমারঘাট মহকুমার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের ডেমডুম এলাকায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিলাসবহুল গাড়ি থেকে প্রায় ২৭১.৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ জানান, আজ সকাল প্রায় ১১টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ফটিকরায় বিধানসভার অন্তর্গত ডেমডুম এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন টিআর-০১-এন-৩৯৫৭ নম্বরের একটি বিলাসবহুল গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেছেন, গাড়িটি মণ্ডল সভাপতির নাম ব্যবহার করে গাজা গুলি নিয়ে কমলপুরের দিক থেকে কৈলাসহরের এর অভিমুখের রওনা দেয় । তবে কোন মণ্ডল সভাপতির গাড়ি, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হবে।
পুলিশের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে এএস-০১-এফটি-৮৭৭৪ নম্বরের একই নম্বরযুক্ত দুটি ভুয়ো নম্বর প্লেটও উদ্ধার করা হয়েছে। ফলে মাদক পাচারের পাশাপাশি ভুয়ো নম্বর প্লেট ব্যবহারের বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে।
আটক দুই অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের রবিবারই কৈলাসহর জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন
ঊনকোটি জেলার পুলিশ সুদাম্বিকা আর, ফটিকরায় থানার ওসি সহদেব দাস, কমলপুর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।পুলিশের এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে মাদক পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত, সে বিষয়েও তথ্য সামনে আসতে পারে বলে পুলিশের ধারণা।
Amarpur, Gomati | Jun 29, 2026