রামপুরহাট রেলপার ইয়ুথ ইউনিট ক্লাবের জগদ্ধাত্রী পুজো।ডিজিটাল যুগে হারানো চিঠির নস্টালজিয়া: রামপুরহাট রেলওয়ে ইয়ুথ ইউনিট ক্লাবের জগদ্ধাত্রী পুজোর থিম ‘ডাকঘর’
হাবিব তানভির
রামপুরহাট: স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ মনের কথা মুহূর্তেই পৌঁছে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু সেই গতির যুগে প্রায় হারিয়েই যেতে বসেছে হলদে খাম, নীল ইনল্যান্ড লেটার আর প্রিয়জনের হাতের লেখায় ভরা চিঠির সেই পুরনো আবেগ। বর্তমান প্রজন্মের কাছে চিঠি লেখার সেই সোনালি ঐতিহ্য ও নস্টালজিয়াকে নতুন করে ফিরিয়ে আনতে এবারের জগদ্ধাত্রী পুজোয় এক অভিনব ভাবনা নিয়ে হাজির হচ্ছে রামপুরহাট চিলড্রেনস পার্কের রেলওয়ে ইয়ুথ ইউনিট ক্লাব। এবছর তাঁদের পুজো মণ্ডপের বিশেষ থিম ‘ডাকঘর’।
একসময় মানুষের ভালোবাসা, অভিমান, সুখ-দুঃখ কিংবা দূরে থাকা প্রিয়জনের খবর পাওয়ার একমাত্র ভরসা ছিল এই ডাকঘরই। ডাকপিয়নের সাইকেলের ক্রিং-ক্রিং আওয়াজ আর চিঠির অপেক্ষায় দিন গোনার সেই অনুভূতি আজ কেবলই স্মৃতি। সেই হারিয়ে যাওয়া দিনগুলোকেই মণ্ডপসজ্জার মাধ্যমে জীবন্ত করে তোলার প্রয়াস নিয়েছেন উদ্যোক্তারা।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, গোটা মণ্ডপটি সাজিয়ে তোলা হচ্ছে পুরনো দিনের একটি সাবেকি ডাকঘরের আদলে। মণ্ডপের সজ্জায় ব্যবহার করা হচ্ছে লাল রঙের ঐতিহ্যবাহী ডাকবাক্স, অসংখ্য পোস্টকার্ড, রঙিন খাম এবং পুরনো আমলের ডাকটিকিট। পাশাপাশি, ডাকপিয়নের প্রতীকী উপস্থিতি এবং চিঠি আদান-প্রদানের নানা মুহূর্ত ফুটিয়ে তোলা হচ্ছে শিল্পকলার মাধ্যমে।
উদ্যোক্তাদের মতে, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা চিঠির যুগের সেই রোমাঞ্চ ও আবেগ সম্পর্কে খুব একটা পরিচিত নয়। পুজোর আনন্দের পাশাপাশি সেই পুরনো ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতেই তাঁদের এই বিশেষ প্রয়াস। অভিনব এই ভাবনাকে ঘিরে ইতিমধ্যেই রামপুরহাট শহর ও সংলগ্ন এলাকার দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল তৈরি হয়েছে।
Suri 2, Birbhum | Nov 17, 2026