চা বাগান ধ্বংস করে মুরগির সাম্রাজ্য! দুর্ভোগে শতাধিক পরিবার,ক্ষোভে ফুঁসছে মায়াছড়ি!
কমলপুর শহর লাগোয়া মায়াছড়ি রামদুর্লবপুর চা বাগান এলাকায় এক পোল্ট্রি মুরগির ফার্মকে কেন্দ্র করে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। অভিযোগ, অধিক মুনাফার আশায় উত্তর প্রদেশের এক মালিকানাধীন গোষ্ঠী শতাধিক চা গাছ নির্বিচারে ধ্বংস করে সেখানে বিশাল পোল্ট্রি ফার্ম গড়ে তুলেছে। আর সেই সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে।
স্থানীয়দের দাবি, ফার্ম থেকে নির্গত অসহনীয় দুর্গন্ধে পুরো এলাকা যেন বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। ঘরের দরজা-জানালা খুলে রাখা তো দূরের কথা, অনেক সময় নিজ বাড়িতেই স্বাভাবিকভাবে থাকা কঠিন হয়ে পড়ছে। মুরগির বর্জ্য ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে চারদিকে মাছি, পোকামাকড় ও রোগজীবাণুর ভয়াবহ উপদ্রব দেখা দিয়েছে। এতে শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষ নানা রোগের ঝুঁকিতে দিন কাটাচ্ছেন।
সবচেয়ে উদ্বেগের বিষয়, এই পোল্ট্রি ফার্মটি মায়াছড়ি থেকে কমলপুরে যাতায়াতের প্রধান সড়কের একেবারে পাশে অবস্থিত। ফলে প্রতিদিন হাজারো পথচারী ও যানবাহন চালককে দুর্গন্ধের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ব্যবসায়িক স্বার্থে জনস্বাস্থ্য ও পরিবেশকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।
জানা যায়, বর্তমানে চা বাগানটির মালিক আদিত্য সিং। স্থানীয়দের প্রশ্ন, কোন নিয়মে এবং কার অনুমতিতে চা বাগানের সবুজ পরিবেশ নষ্ট করে এমন দূষণকারী প্রকল্প গড়ে তোলা হলো? পরিবেশ দপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
এলাকাবাসীরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, অবিলম্বে ফার্মের দূষণ নিয়ন্ত্রণ ও দুর্গন্ধ নিরসনের ব্যবস্থা না নেওয়া হলে তারা বৃহত্তর গণআন্দোলনে নামতে বাধ্য হবেন। তাদের অভিযোগ, কয়েকজনের মুনাফার জন্য শতাধিক পরিবারকে দুর্ভোগে ঠেলে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন ও মালিকপক্ষ মানুষের আর্তনাদ শুনবে, নাকি নীরব দর্শকের ভূমিকায় থাকবে।
Amarpur, Gomati | Jun 23, 2026