প্রতিকূল আবহাওয়াতেও পানিট্যাঙ্কিতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করল এসএসবি
পানিট্যাঙ্কি, ২১ জুনঃ প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করল ৪১তম ব্যাটালিয়ন, সশস্ত্র সীমা বল (এসএসবি), রানিডাঙা। পানিট্যাঙ্কি কোম্পানির নিউ মেচি ব্রিজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যোগ দেন এসএসবির আধিকারিক, অধস্তন আধিকারিক, জওয়ান এবং স্থানীয় বাসিন্দারা।
এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘Yoga for Healthy Ageing’ বা ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। সেই ভাবনাকে সামনে রেখেই আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কমন যোগ প্রোটোকল অনুযায়ী বিভিন্ন যোগাসন ও প্রাণায়ামের অনুশীলন করানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪১তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিকাশ কুমার। তিনি বলেন, যোগ শুধুমাত্র শারীরিক ব্যায়াম নয়, বরং শরীর, মন ও আত্মার মধ্যে ভারসাম্য রক্ষার একটি কার্যকর জীবনপদ্ধতি। নিয়মিত যোগচর্চা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বার্ধক্যেও সক্রিয় ও আত্মনির্ভর থাকতে সাহায্য করে।
অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারী যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার এবং সুস্থ ভারত গঠনে সক্রিয় ভূমিকা পালনের শপথ গ্রহণ করেন।