বহিরাজ্য থেকে নেশা সামগ্রী পাচারের সন্দেহে আটক তিন বিলাসবহুল গাড়ি।
বহিরাজ্যের আসাম থেকে কুমারঘাট হয়ে আগরতলার উদ্দেশ্যে আসার পথে নেশা সামগ্রী পাচারের সন্দেহে তিনটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে কুমারঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে দুটি বিলাসবহুল গাড়ি কুমারঘাট হয়ে আগরতলার দিকে যাওয়ার সময় হালাইমুড়া এলাকার স্থায়ী বাসিন্দাদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা গাড়ি দুটি আটক করলে খবর পেয়ে রাধানগর আসাম রাইফেল ব্যাটেলিয়নের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। তারা গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়ে যায় বলে জানা গেছে।
এদিকে, ওই ঘটনার কিছুক্ষণ পর কুমারঘাট থানার পুলিশ আরও একটি বিলাসবহুল গাড়ি আটক করে। ফলে মোট তিনটি গাড়ি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। বর্তমানে একটি গাড়ি কুমারঘাট থানায় এবং বাকি দুটি আসাম রাইফেল ক্যাম্পে রাখা হয়েছে বলে সূত্রের খবর।
প্রাথমিকভাবে তিনটি গাড়িকেই সন্দেহজনক নেশা সামগ্রী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তবে গাড়িগুলো থেকে কী পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয়েছে কিংবা আদৌ কোনো নিষিদ্ধ বস্তু পাওয়া গেছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।ঘটনার পর সংশ্লিষ্ট সংস্থাগুলি তদন্ত শুরু করেছে। আটক গাড়িগুলির কাগজপত্র, যাত্রীদের পরিচয় এবং সম্ভাব্য পাচারচক্রের সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও, সীমান্তবর্তী এলাকা দিয়ে নেশা সামগ্রী পাচারের সম্ভাবনা ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
Amarpur, Gomati | Jun 26, 2026