থাইল্যান্ডে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় পূর্বস্থলীর পিয়ালীর সাফল্য, জিতল রৌপ্য পদক
Bengal icon news পূর্বস্থলী:পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকের কালেখাঁতলা-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরডাঙ্গা গ্রামের কন্যা পিয়ালী দাস আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করল বাংলার মুখ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২৬ প্রতিযোগিতায় ৯ থেকে ১০ বছর বয়স বিভাগে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে পিয়ালী।
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার প্রতিযোগীদের সঙ্গে কঠিন লড়াইয়ের মধ্যে নিজের অসাধারণ দক্ষতা প্রদর্শন করে রৌপ্য পদক জয় করে পিয়ালী। তার এই সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা সরডাঙ্গা গ্রাম ও পূর্বস্থলী এলাকাজুড়ে।পিয়ালী ধীতপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই যোগাসনের প্রতি তার গভীর আগ্রহ ছিল। নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও পরিবারের সহযোগিতা ও নিজের একাগ্রতার জোরে আজ সে এই সাফল্যের শিখরে পৌঁছেছে।পিয়ালীর বাবা পেশায় একজন দিনমজুর। আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মেয়ের স্বপ্ন পূরণে তিনি সবসময় পাশে থেকেছেন। মেয়ের এই কৃতিত্বে পরিবারের সদস্যদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।
পিয়ালীর এই আন্তর্জাতিক সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা নেমেছে। অনেকেই মনে করছেন, উপযুক্ত প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে পিয়ালী আরও বড় সাফল্য এনে দিতে পারবে দেশ ও রাজ্যকে।
পূর্বস্থলীর প্রত্যন্ত গ্রামের এক সাধারণ পরিবারের মেয়ের এই অসাধারণ অর্জন নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।