ছাতারিয়ায় সিপিআই(এম) কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ, পরিদর্শনে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী!
------------------------------------
উদয়পুর প্রতিনিধিঃ বিরোধী দল সিপিআই(এম)-এর রাজনীতি করার কারণে ছাতারিয়া এলাকার বাসিন্দা রঞ্জন মজুমদারের বাড়িতে গভীর রাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২১ তারিখ গভীর রাতে একদল দুষ্কৃতকারী তাঁর বাড়িতে চড়াও হয়ে ব্যাপক তাণ্ডব চালায়।অভিযোগ অনুযায়ী, দুষ্কৃতকারীরা বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি ইট-পাটকেল ও কাচের বোতল নিক্ষেপ করে। এই হামলায় বাড়ির দরজা ও জানালা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও ভাঙচুর হয়। গভীর রাতের এই অতর্কিত আক্রমণে গোটা পরিবার চরম আতঙ্কিত হয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার পেছনে শাসক দল বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতকারীরা জড়িত বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও বিরোধী দলের পক্ষ থেকে তীব্র অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে রাধা কিশোর পুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।এই হামলার খবর পাওয়ার পরপরই আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াতে ছাতারিয়ায় ছুটে যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। তিনি রঞ্জন মজুমদারের ক্ষতিগ্রস্ত বাড়িটি ঘুরে দেখেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এই কঠিন সময়ে দল সবরকমভাবে তাঁদের পাশে রয়েছে বলে পরিবারটিকে আশ্বস্ত করেন তিনি।বিরোধী দলনেতার এই পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ দলের অন্যান্য স্থানীয় নেতা ও কর্মীবৃন্দরা। বিরোধী দলনেতা এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং পুলিশের কাছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
Amarpur, Gomati | Nov 23, 2026