লিলুয়া স্টেশনে লিফটে বিপত্তি, ৯ যাত্রীকে উদ্ধার করল রেল পুলিশ
হাওড়া: লিলুয়া স্টেশনে লিফটে আটকে পড়লেন ৯ জন যাত্রী। শনিবার স্টেশনের এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা লিফটটি যাত্রীদের নিয়ে নিচের দিকে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায়। ফলে লিফটের ভিতরেই আটকে পড়েন ৯ জন যাত্রী। তাঁদের মধ্যে ছিলেন দু’জন বৃদ্ধ এবং এক শিশু।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বেলুড় জিআরপির আধিকারিকরা। দীর্ঘক্ষণ লিফটের ভিতরে আটকে থাকা যাত্রীদের নিরাপদে বের করে আনতে শুরু হয় উদ্ধারকাজ। শেষ পর্যন্ত লিফটের দরজা ভেঙে ভিতরে আটকে থাকা সকল যাত্রীকে উদ্ধার করেন রেল পুলিশ আধিকারিকরা।
উদ্ধারের পর যাত্রীদের প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়। জানা গিয়েছে, আটকে পড়া ৯ জন যাত্রীই সুস্থ রয়েছেন। তবে কী কারণে চলন্ত অবস্থায় লিফটটি আচমকা বন্ধ হয়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে স্টেশনে সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।