অপূর্ব বর্মন মালদাঃ মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা আরটিএ সদস্য অমল কিস্কুকে ঘিরে উত্তেজনা ছড়াল বামনগোলা ব্লকের পারহবিনগর এলাকায়। বৃহস্পতিবার সকালে তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম ছোড়ার অভিযোগ ওঠে স্থানীয় গ্রামবাসীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমল কিস্কু পারহবিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত। গ্রামবাসীদের অভিযোগ, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতেন না। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ ও গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র জমা দেওয়া হলেও তৎকালীন প্রশাসন কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলে দাবি স্থানীয়দের।
বৃহস্পতিবার সকালে অমল কিস্কু বিদ্যালয়ে পৌঁছাতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হন। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় এবং ডিমও ছোড়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভিলেজ পুলিশ।
পরে নিরাপত্তার স্বার্থে অমল কিস্কুকে বিদ্যালয় চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে এই অভিযোগ প্রসঙ্গে অমল কিস্কুর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পাশাপাশি প্রশাসনের তরফেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য মেলেনি।