দুর্গাপূজার ছুটিতে বাড়িতে তালা লাগিয়ে ঘুরতে যাওয়া এখন সাধারণ বিষয়। তবে বাইরে বেড়াতে গিয়ে সেই সংক্রান্ত ছবি বা তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে সিলিগুড়ি পুলিশ।
পুলিশের আবেদন, বাড়ি খালি রেখে বাইরে যাওয়ার তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। কারণ, এই ধরনের পোস্টের মাধ্যমে চোরেরা জানতে পারে যে বাড়িতে কেউ নেই। ফলে চুরির ঝুঁকি বাড়তে পারে।
বুধবার দুর্গাপূজার আগে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করে পুলিশ প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াক্কার রাজা, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, SSB, জলপাইগুড়ির SDO, শিলিগুড়ির SDO-সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক।
বৈঠকে দুর্গাপূজার সময় নিরাপত্তা ব্যবস্থা, পুজো মণ্ডপের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ কমিশনার সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানান এবং সোশ্যাল মিডিয়ায় বাড়ি খালি থাকার তথ্য প্রকাশ না করার পরামর্শ দেন।
প্রশাসনের পক্ষ থেকে পুজো মণ্ডপগুলির নিরাপত্তা নিয়েও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতিটি পুজো মণ্ডপে CCTV ক্যামেরা এবং নৈশপ্রহরী রাখা বাধ্যতামূলক করা হয়েছে। রাতের সময় পুলিশের বিশেষ টহলও চলবে। মহিলাদের নিরাপত্তার জন্য দুর্গাবাহিনী ও উইনার্স টিম মোতায়েন করা হবে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, পুজো প্যান্ডেলের উচ্চতা ৪০ ফুটের মধ্যে রাখতে হবে এবং প্রবেশপথের প্রস্থ নির্ধারণ করা হয়েছে ১২ ফুট। প্রতিটি মণ্ডপে অগ্নিনির্বাপণের ব্যবস্থা রাখাও বাধ্যতামূলক।
এছাড়াও থার্মোকলের ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে এবং বায়োডিগ্রেডেবল সামগ্রী ব্যবহারের জন্য আবেদন জানানো হয়েছে। বিসর্জনের সময় ক্রেন ব্যবহার করা যাবে না।
এবার শহর ও আশপাশের এলাকায় প্রায় ১,০০০টি পুজো অনুষ্ঠিত হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৈঠকে পুলিশ কমিশনার ‘চিকেনস নেক’ নিয়েও তথ্য দেন। তিনি জানান, এই বিষয়ে BSF ও SSB আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। যেকোনও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।