স্কুল ছুটির পর আর বাড়ি ফেরা হয়নি, উদয়পুরে নিখোঁজ মা ও ১১ বছরের মেয়ে
উদয়পুরের দাতারাম এলাকায় মা ও মেয়ের নিখোঁজের ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ দুজন হলেন দাতারাম এলাকার বাসিন্দা সমীর দাসের মেয়ে মাম্পি দাস (৩১) এবং তাঁর ১১ বছরের মেয়ে মাহি দাস।
পরিবারের সূত্রে জানা যায়, গতকাল মাহি চন্দ্রপুর কলোনির বিদ্যাযতি ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়েছিল। স্কুল ছুটির পর থেকে মা-মেয়ের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁদের সন্ধান না মেলায় উদয়পুর মহিলা থানায় বিষয়টি জানানো হয়েছে।
পরিবারের দাবি, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিষয়টি রেল কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। মাম্পির স্বামী কর্মসূত্রে বর্তমানে সৌদি আরবে রয়েছেন। মা-মেয়ের হঠাৎ নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা তাঁদের দ্রুত সন্ধানের আশায় রয়েছেন।
#উদয়পুর #দাতারাম #নিখোঁজ #ত্রিপুরা