দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড! একের পর এক আগুনের ঘটনায় বাড়ছে উদ্বেগ, প্রশ্নের মুখে অগ্নি-নিরাপত্তা
দুর্গাপুর: অগ্নিকাণ্ড দুর্গাপুরে। এবার কোকওভেন থানার অন্তর্গত একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরিস্থিতি সামাল দিতে একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠাতে হয়।
প্রথমে একটি ইঞ্জিন পৌঁছলেও আগুনের ভয়াবহতা দেখে পরে আরও ইঞ্জিন পাঠানো হয়। গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিক মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এই ঘটনা এখন আর শুধু একটি গোডাউনে আগুন লাগার মধ্যেই সীমাবদ্ধ নেই। কারণ গত কয়েকদিনে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। কখনও ডেকোরেটরসের গোডাউন, কখনও মিষ্টির দোকান, আবার এবার প্লাস্টিকের গোডাউন— পরপর এই ঘটনাগুলি শহরের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে।
উঠছে একাধিক প্রশ্ন
দাহ্য সামগ্রী মজুত থাকা গোডাউন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে পর্যাপ্ত অগ্নি-নির্বাপণ ব্যবস্থা রয়েছে কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে। কোথাও কি অগ্নি-নিরাপত্তার নিয়ম মানা হচ্ছে না? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারিতে কোনও ঘাটতি রয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।
কারণ এখনও অস্পষ্ট
বর্তমান অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট, নাকি অন্য কোনও কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। আগুন নেভানোর পাশাপাশি গোডাউনে কী পরিমাণ দাহ্য সামগ্রী মজুত ছিল এবং নিরাপত্তার কী ব্যবস্থা ছিল, সেদিকেও নজর দেওয়া হচ্ছে।
উদ্বিগ্ন শহরবাসী
পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন দুর্গাপুরের বাসিন্দারা। প্রতিটি ঘটনার পর আগুন নেভানোর তৎপরতা দেখা গেলেও, অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে আগাম নজরদারি ও অগ্নি-নিরাপত্তা পরিকাঠামো কতটা জোরদার করা হয়েছে, সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন শহরবাসী।
#durgapurdiaries