লটারি কেটে কোটিপতি হওয়ার স্বপ্ন, স্কুলে স্কুলে পাখা চুরি! মহেশতলায় পুলিশের জালে অভিযুক্ত চোর
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার অন্তর্গত বেশ কয়েকটি স্কুলে পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। গরমের মধ্যে স্কুলের পাখা চুরি করে বিক্রি করত অভিযুক্ত চোর। সেই টাকা দিয়ে রাজ্য লটারির টিকিট কিনে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখত সে।
মহেশতলা হাই স্কুলের প্রধান শিক্ষক চুরির ঘটনা নিয়ে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। বিভিন্ন স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করেন তদন্তকারীরা। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
আজ অভিযুক্তকে সঙ্গে নিয়ে মহেশতলা হাই স্কুল-সহ একাধিক স্কুলে যায় মহেশতলা থানার পুলিশ। সেখানে কীভাবে চুরি করা হয়েছিল, তা পুনর্নির্মাণ করা হয়। অভিযুক্তের গ্রেফতারের পর কিছুটা স্বস্তি ফিরেছে এলাকার স্কুলগুলিতে।
পুলিশের জেরায় এবং ক্যামেরার সামনে অভিযুক্তের দাবি, লটারি কেটে বড়লোক হওয়ার স্বপ্নেই স্কুল থেকে পাখা চুরি করত সে।
#mohestola #WestBengal #kolkata #westbengalpolice