আগরতলার দুই কন্যার কারাতে সাফল্য, দিল্লির মঞ্চে জোড়া ব্রোঞ্জ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা।।
আগরতলার নিবাসী দীপ্তনু বর্ধনের দুই কন্যা দালাজা বর্ধন ও দিভিজা বর্ধন জাতীয় স্তরের কারাতে প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। ৭ থেকে ৯ আগস্ট নয়াদিল্লির তালকাটোরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০তম অল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স কাপ কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিয়ে দু’জনেই ব্রোঞ্জ পদক জয় করেছে।
প্রতিযোগিতায় দালাজা বর্ধন কাতা বিভাগে এবং দিভিজা বর্ধন কুমিতে বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে।
এই সাফল্যের পর দুই প্রতিভাবান কন্যার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি শ্রী অভিষেক দেবরায় এবং ক্রীড়ামন্ত্রী শ্রদ্ধেয় শ্রী টিঙ্কু রায়। এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি শ্রী অরিন্দম দেব।
সাক্ষাৎকালে দুই কন্যার সাফল্যের জন্য তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও বড় সাফল্য অর্জনের জন্য তাঁদের উৎসাহিত করা হয়।
দুই কন্যার এই কৃতিত্বে পরিবার ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। তাঁদের সাফল্য রাজ্যের অন্যান্য তরুণ-তরুণীকেও ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।