
বজবজ ট্রাঙ্ক রোডে ভয়াবহ দু*র্ঘ*টনা: দাঁড়িয়ে থাকা ট্রাকে ধা*ক্কা মদ্যপ গাড়ির, র*ক্তা*ক্ত ২
দক্ষিণ ২৪ পরগনা:- বেপরোয়া গতি আর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর খেসারত। দক্ষিণ ২৪ পরগনার বজবজ ট্রাঙ্ক রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গাড়িতে থাকা এক তরুণ ও তরুণী গুরুতর আহত হয়েছেন।
রবিবার বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে বজবজ ট্রাঙ্ক রোডে, বজবজ ইএসআই হাসপাতালের ঠিক সামনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চারচাকা গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে বজবজের দিকে আসছিল। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি সামনের দিক থেকে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। মুহূর্তের মধ্যে গাড়ির ভেতর ও বাইরে রক্তে ভেসে যায়।
দুর্ঘটনার শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। দুমড়ে যাওয়া গাড়ির দরজা খুলতেই ভেতর থেকে তীব্র মদের গন্ধ বেরিয়ে আসে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা।
গাড়ির ভেতরে থাকা দুই আরোহী গুরুতর জখম হন। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত বজবজের হাসপাতালে পাঠান। পরে খবর দেওয়া হয় বজবজ থানার পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোই দুর্ঘটনার কারণ কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।