প্রশাসনের সতর্কবার্তার পরেও সন্ধ্যা নামতেই বেহাল পিচ
রাস্তা না মাটির রাস্তা, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। মন্তেশ্বর
প্রতিনিধি- ফাইজুল সেখ:ধান কাটার মরসুমে ফের সমস্যায় পড়েছেন মন্তেশ্বরের জামনা এলাকার নিত্যযাত্রীরা। প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও সন্ধ্যা নামলেই ট্রাক্টর ও হারভেস্টারের চাকার সঙ্গে মাঠের কাদা উঠে এসে বেহাল হয়ে পড়ছে পিচ রাস্তা। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
বর্তমানে চলছে ধান কাটার মরসুম। কয়েকদিন আগেই নিম্নচাপের বৃষ্টিতে মাথায় হাত পড়েছিল কৃষকদের। আবার কখন আকাশ কালো করে বৃষ্টি নামবে, সেই আশঙ্কায় দ্রুত ফসল ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকরা। স্বাভাবিকভাবেই মাঠ থেকে ধান বাড়িতে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু সেই সঙ্গে রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন।এর আগেও সুন্দর বাংলা নিউজের মাধ্যমে প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও ট্রাক্টরের চাকায় কীভাবে রাস্তার উপর কাদা উঠে আসছে, সেই ছবি তুলে ধরা হয়েছিল। বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি কৃষকরা মাঠ থেকে ধান বাড়িতে নিয়ে যাবেন না? অবশ্যই কৃষকরা তাঁদের ফসল ঘরে তুলবেন। তবে ফসল নিয়ে আসার পাশাপাশি রাস্তা পরিষ্কার ও চলাচলের উপযোগী রাখার দায়িত্ব সম্পর্কেও সচেতন হওয়া জরুরি। কারণ, যে রাস্তা দিয়ে কৃষক নিজেও যাতায়াত করবেন, সেই রাস্তাই যদি কাদায় বিপজ্জনক হয়ে ওঠে, তাহলে সমস্যায় পড়তে হবে সকলকেই।
মন্তেশ্বর ব্লকের জামনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাগরা দীর্ঘপাড়া রোড, জামনার মাঠ সংলগ্ন এলাকায় পিচ রাস্তার বর্তমান অবস্থা অত্যন্ত বেহাল। শুধু মোটরবাইক আরোহীরাই নন, চার চাকার গাড়িকেও কাদামাখা রাস্তার উপর দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। মোটরবাইক আরোহীদের অবস্থা আরও শোচনীয়। সন্ধ্যার দিকে গাড়ির চাকায় উঠে আসা কাদা পরদিন সকাল ও দুপুরের রোদে কিছুটা শুকিয়ে গেলেও সামান্য বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
ক্যামেরার সামনেই দেখা যাচ্ছে, কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাদামাখা রাস্তা পার হচ্ছেন বাইক আরোহীরা। যথাযথ সতর্কতা অবলম্বন না করলে এই রাস্তায় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তাই মন্তেশ্বর প্রশাসন ও স্থানীয় বিধায়কের কাছে নিত্যযাত্রীদের আবারও আবেদন, বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখা হোক। প্রয়োজনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে রাস্তা চলাচলের উপযোগী করা হোক।
কৃষকের ফসল ঘরে তোলা যেমন জরুরি, তেমনই জরুরিঅন্যের নিরাপদ যাতায়াতের অধিকার। কৃষিকাজের পাশাপাশি পারস্পরিক সচেতনতা ও দায়িত্ববোধই পারে এই সমস্যার সমাধান করতে।
#পলাশীবার্তা #bardhman_news #PurbaBardhaman #news #WestBengal #LikeFollowSharesubscribe
Burdwan 1, Purba Bardhaman | Nov 29, 2026