
মহারাষ্ট্রের নাসিক জেলায় একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে টিটেনাস-ডিপথেরিয়া (Td) টিকা নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ১৭ বছর বয়সী এক নাবালিকার মৃত্যু হয়েছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ এবং ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই টিকার সুরক্ষা নিয়ে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ও প্রশ্ন সৃষ্টি হয়েছে। তবে স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, মৃত্যুর সঙ্গে টিকার সরাসরি কোনো সংযোগ এখনও প্রমাণিত হয়নি।
স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, ওই ক্যাম্পে আরও ৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। যার মধ্যে ছিলেন ৪ জন গর্ভবতী মহিলা, ১৬ বছরের এক কিশোরী ও ১০ বছরের এক বালক। তাদের শরীরে কোনও খারাপ প্রতিক্রিয়া দেখা যায়নি।
যে টিকা নেওয়ার পর নাবালিকার মৃত্যু হয়, সেই ব্যাচের সমস্ত টিকা বাতিল করা হয়েছে।
গত বুধবার নাসিক পুরসভার তরফে টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। দুপুর ১২টা ৪০ নাগাদ সেই ক্যাম্প থেকে টিটেনাস ও ডিপথেরিয়া (টিডি) টিকা নেয় ওই কিশোরী। বুস্টার ডোজ নেওয়ার কিছুক্ষণ পর মাথা ঘোরার কথা জানায় সে। এরপর স্বাস্থ্যকেন্দ্রের পাশেই একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় মাথাতেও গুরুতর আঘাত লাগে তার। ওই অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।