আমবাড়িতে দুই তরুণী কনটেন্ট ক্রিয়েটরকে হেনস্থা, গ্রেফতার ২
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার অন্তর্গত আমবাড়ি ব্যারেজ এলাকায় দুই তরুণী কনটেন্ট ক্রিয়েটরকে হেনস্থার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।অভিযোগ, বৃহস্পতিবার ভিডিও বানানোর সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকা দুই ব্যক্তি তরুণীদের সঙ্গে অশালীন ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহার করেন। এক তরুণীর হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ারও অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ভিডিওর ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে ভোরের আলো থানার পুলিশ। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।