আসন্ন ছট পুজোর প্রাক্কালে বৃহস্পতিবার মহানন্দা নদীর বিভিন্ন ঘাট পরিদর্শন করল পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষ। কয়েকদিন আগে থেকেই নদীর ঘাটগুলিতে পরিকাঠামো সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। ছট পুজো উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে পৌরসভা। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় পুজোর দিন বিকেল এবং পরের দিন ভোরে নদীর ঘাটগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে থাকবে যন্ত্রচালিত নৌযান ও স্পিডবোট।এদিন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অতুল কৃষ্ণ অধিকারী সহ অন্যান্যরা মিলে মঙ্গলবাড়ি স্কুলপাড়া, নবাবগঞ্জ, সদরঘাট সহ একাধিক এলাকার ঘাট পরিদর্শন করেন। কোন ঘাটে কী ধরনের সংস্কারের প্রয়োজন, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন খতিয়ে দেখেন তারা।