
ঝড়-বৃষ্টির রাতে সুন্দরবনের খালে আটকে পড়ল ২ মৎস্যজীবী। খবর পেয়েই তৎক্ষণাৎ জীবনের ঝুঁকি নিয়ে ২ মৎস্যজীবীকে উদ্ধার করল বন দফতরের কর্মীরা। ঘটনাটি ঘটেছে রায়দিঘি রেঞ্জের বণি ক্যাম্পের কাছে। এই ঘটনায় বন দফতরের কর্মীদের প্রশংসা করেছেন সকলেই।
জানা গিয়েছে সন্ধ্যার দিকে বণি ক্যাম্পের কাছে লক্ষীর খালের মৎস্যজীবীদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে অসহায় হয়ে পড়েন মৎস্যজীবীরা। এদিকে সন্ধ্যা নেমে আসায় মৎস্যজীবীরা দিশেহারা হয়ে পড়ছিলেন। চারিদিকে সুন্দরবনের ঘন জঙ্গল। বাঘ-কুমীরের ভয়, তার মাঝেই চলছে ঝড়-বৃষ্টি।
এই পরিস্থিতির মধ্যে তাঁরা গ্রামে যোগাযোগ করেন। কিন্তু গ্রাম থেকে সেখানে সেই সময় যাওয়া সম্ভব ছিল না। এরপর মানবাধিকার সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে গ্রামবাসীরা। সেখান থেকে খবর যায় বন দফতরে।
বন দফতরের কর্মীরা রাতের আঁধারেও উদ্ধার কাজে লেগে পড়েন। দ্রুত তাদের উদ্ধার করে আনা হয় ক্যাম্পে। রাতে তাদের সেখানেই খাবার বন্দোবস্ত করা হয়। বন দফতরের কর্মীদের এই কাজে খুশি সকলেই।
জানা গিয়েছে ওই ২ মৎস্যজীবীর নাম সঞ্জয় হালদার ও তাপস কয়াল, বৈকুণ্ঠপুর এলাকায় বাড়ি তাদের। শুক্রবার সকালেই তাদের আনতে গ্রামবাসীরা রওয়ানা দেয়। রায়দিঘি রেঞ্জের বন দফতরের কর্মীদের এই প্রয়াসকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।