
পিঙ্কির বিদায়, ইজাজের আগমন! অনাস্থায় কীর্তিপুরে বড় পালাবদল
খড়গ্রাম: অনাস্থা ভোটের পর বদল হল মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বুধবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় অনাস্থা ভোট। ভোটাভুটির পর নতুন প্রধান হিসেবে নির্বাচিত হলেন ইজাজ আহাম্মদ মোমিন। কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ৩০ জন। এদিন তৃণমূল কংগ্রেসের ১১ জন, বামফ্রন্টের ২ জন এবং কংগ্রেসের ৭ জন সদস্য উপস্থিত ছিলেন। ভোটাভুটিতে নতুন প্রধান ইজাজ আহাম্মদ মোমিনের পক্ষে ২২ জন সদস্যের সমর্থন পাওয়া যায়। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন মিলতেই নতুন প্রধান হিসেবে তাঁর নির্বাচন নিশ্চিত হয়। এর আগে কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে ছিলেন পিঙ্কি খাতুন। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। সেই প্রস্তাবকে কেন্দ্র করেই বুধবার পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় ভোটাভুটি। অনাস্থা ভোটকে ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য পঞ্চায়েত চত্বরে মোতায়েন ছিল কড়া পুলিশি নিরাপত্তা। নিরাপত্তার মধ্যেই সম্পন্ন হয় গোটা ভোট প্রক্রিয়া। নতুন প্রধানের দায়িত্ব পাওয়ার পর ইজাজ আহাম্মদ মোমিনের নেতৃত্বে কীর্তিপুর গ্রাম পঞ্চায়েত আগামী দিনে কীভাবে কাজ করে, এখন সেদিকেই নজর এলাকাবাসীর। উন্নয়নমূলক কাজের গতি বাড়ানো এবং সাধারণ মানুষের পরিষেবা আরও সহজলভ্য করাই এখন নতুন প্রধানের সামনে বড় চ্যালেঞ্জ।
#KHARGRAM #murshidabad #kandi #Congress #WestBengal #news #bangladarshan #CPIM #TMC