
*১২৫ দিনের কাজের প্রতীক হিসেবে ১২৫টি বাতাবি লেবু ধরা গাছ উপহার, পাথরপ্রতিমায় সংবর্ধনায় আপ্লুত মন্ত্রী দীপঙ্কর জানা*
Bengal icon news পাথরপ্রতিমার ব্যবসায়ী সমিতির হলে এক অভিনব সংবর্ধনা অনুষ্ঠানের সাক্ষী থাকল সুন্দরবন। সুন্দরবন বিষয়ক উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানাকে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের প্রতীক হিসেবে উপহার দেওয়া হলো একটি ছোট্ট বাতাবি লেবুর গাছ, যাতে ছিল ঠিক ১২৫টি লেবু। এই ব্যতিক্রমী উপহারের মধ্য দিয়ে এলাকার মানুষ নতুন কর্মসূচি চালুর আনন্দ ও প্রত্যাশার বার্তা তুলে ধরেন।
দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের বকেয়া অর্থ নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চলেছে। কেন্দ্রের অভিযোগ ছিল, পূর্ববর্তী প্রকল্পে দুর্নীতির হিসাব না মেটানো পর্যন্ত অর্থ ছাড়া সম্ভব নয়। সেই পরিস্থিতির পর রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প চালুর ঘোষণা করেন।
ইতিমধ্যেই পাথরপ্রতিমা ব্লকে এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ১৫টি গ্রাম পঞ্চায়েতকে দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ফলে নতুন কর্মসূচি ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।
এই আনন্দের বহিঃপ্রকাশ হিসেবেই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মন্ত্রী দীপঙ্কর জানাকে ১২৫টি লেবু ধরা বাতাবি লেবুর গাছ উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে তাঁকে ব্যাজ, উত্তরীয় এবং কালী মায়ের ছবি উপহার দেওয়া হয়। উপস্থিত মানুষ জানান, ১২৫ দিনের কাজ চালু হওয়ার ঘোষণাকে স্বাগত জানাতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
শুধু মন্ত্রীই নন, সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি নবেন্দু শেখর নস্কর, সাধারণ সম্পাদক সুনির্মল দাস, সহ-সভাপতি শক্তিপদ মাইতি, বিধানসভার কনভেনার নন্দকুমার বারুই, পাথরপ্রতিমার বিভিন্ন মণ্ডল সভাপতি ও অন্যান্য দলীয় নেতৃত্বকেও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ১২৫ দিনের কাজের প্রতীক হিসেবে ১২৫টি লেবু ধরা বাতাবি লেবুর গাছ। উপস্থিতদের মতে, এই উপহার শুধু একটি গাছ নয়, নতুন কর্মসংস্থানের আশা এবং সুন্দরবনের মানুষের প্রত্যাশার প্রতীক।