
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক দবির হোসেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন।
বীরভূমের ইলামবাজার ব্লকের কয়রা গ্রামের বাসিন্দা সাহিত্যিক মহম্মদ দবির হোসেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই সাহিত্যিক একাধিক গ্রন্থের প্রণেতা। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তাঁর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকরা তাঁকে বিরল মারণ ব্যাধিতে আক্রান্ত বলে জানিয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের বাইরেও তাঁর চিকিৎসা হয়েছে। জটিল রোগের চিকিৎসা করাতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় হয়েছে। বর্তমানে ধারদেনাতেও জর্জরিত তিনি। কিছু শুভানুধ্যায়ী ও সমাজকর্মী সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও এখনও তাঁর চিকিৎসার জন্য বেশ কয়েক লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন দবির হোসেন।
টাকার অভাবে চিকিৎসা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে শারীরিকভাবে অক্ষম হয়ে শয্যাশায়ী তিনি। এই পরিস্থিতিতে সহৃদয় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সেবামূলক সংস্থার প্রতিনিধিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন দবির হোসেন ও তাঁর পরিবার।
দবির হোসেনের দুই নাবালক সন্তান রয়েছে। তাঁর অসুস্থতার কারণে তাঁদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তবে অসুস্থতার মধ্যেও থেমে নেই তাঁর সাহিত্যচর্চা। রোগযন্ত্রণায় শয্যাশায়ী থেকেও অদম্য ইচ্ছাশক্তিতে নিয়মিত সাহিত্য রচনা করে চলেছেন তিনি। তাঁর বহু বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আরও কিছু বই প্রকাশের অপেক্ষায় রয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকাতেও তাঁর লেখা প্রকাশিত হয়েছে। সাহিত্যচর্চার জন্য পেয়েছেন একাধিক পুরস্কার, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক পুরস্কারও।
এই কঠিন সময়ে দবির হোসেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীরা। তাঁর চিকিৎসার জন্য সহৃদয় মানুষ ও সংস্থাগুলি এগিয়ে এলে উপকৃত হবে দবির হোসেনের পরিবার।
যোগাযোগ (WhatsApp): 74328 55387
(বীরভূম থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)