
খরিফ ২০২৬ মরশুমে কংসাবতী জলাধার থেকে সেচের জল ছাড়ার সিদ্ধান্ত
খরিফ ২০২৬ মরশুমে কংসাবতী জলাধার থেকে সেচের জল সরবরাহের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ আগস্ট থেকে প্রথম দফায় সেচের জল ছাড়া শুরু হবে। তালডাংরা সহ কংসাবতী কমান্ড এলাকার কৃষকদের স্বার্থকে গুরুত্ব দিয়ে তিন দফায় সেচের জল সরবরাহের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
প্রথম দফায় ২৭ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সেচের জল দেওয়া হবে। দ্বিতীয় দফায় জল সরবরাহের সময় নির্ধারিত হয়েছে ২৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। এরপর তৃতীয় তথা শেষ দফায় ২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সেচের জল সরবরাহ করা হবে।
তবে বৃষ্টিপাতের পরিমাণ এবং বিভিন্ন এলাকার কৃষিজমিতে জলের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে এই নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।
কংসাবতী কমান্ড এলাকার কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে সেচ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে পর্যাপ্ত সেচের জল মিললে খরিফ মরশুমের চাষাবাদে কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।