পরপর দু’বার অনাস্থা ভোটের দিন স্থগিত। দীর্ঘ প্রায় দু’মাস ধরে রাজনৈতিক টানাপোড়েন, প্রশাসনিক জটিলতা এবং আইনি লড়াই। অবশেষে সব বাধা কাটিয়ে অনাস্থা ভোটে প্রধানের পদ খোয়ালেন মালদার হরিশ্চন্দ্রপুর–১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান সুমা খাতুন। বুধবার অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তাকে অপসারণ করা হয়। জানা গিয়েছে, ২৫ সদস্যের এই পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে একজোট হয়েছিলেন ১৫ জন সদস্য। তাদের মধ্যে সিপিএমের ৬ জন, বিজেপির ৬ জন, তৃণমূলের ২ জন এবং কংগ্রেসের ১ জন সদস্য ছিলেন। বিক্ষুব্ধ শিবিরের অভিযোগ, প্রধান হিসেবে সুমা খাতুন পঞ্চায়েতের অন্য সদস্যদের সঙ্গে কোনও সমন্বয় রেখে চলতেন না। এমনকী, প্রধানের পরিবর্তে তার স্বামীই কার্যত পঞ্চায়েত পরিচালনা করতেন। পঞ্চায়েতের টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সব ক্ষেত্রেই প্রধান ও তার স্বামী একক সিদ্ধান্ত নিতেন বলে অভিযোগ। তাদের দাবি, পঞ্চায়েত পরিচালনায় স্বচ্ছতা ও গণতান্ত্রিক পদ্ধতির অভাবই এই অনাস্থার মূল কারণ।