
রাতে ঘুমিয়ে ছিল সকালে আর উঠল না
রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! সাপের কামড়ে প্রাণ গেল ১৮ বছরের যুবকের, শোকের ছায়া সাগরদিঘির গোকুলতা গ্রামে।
রাজমিস্ত্রির কাজে ভিন জেলায় গিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৮ বছর বয়সী যুবক জাহিমদ্দিন শেখের। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু হলো তাঁর।
মর্মান্তিক এই ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের গোকুলতা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০ থেকে ২২ দিন আগে কাজের উদ্দেশ্যে হুগলি জেলায় গিয়েছিলেন গোকুলতা গ্রামের বাসিন্দা জাহিমদ্দিন শেখ। সেখানে রাজমিস্ত্রির কাজে যুক্ত ছিলেন তিনি।
প্রতিদিনের মতো গত ৩ নভেম্বর রাতে কাজ শেষে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন জাহিমদ্দিন। অভিযোগ, রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে ঘুমন্ত অবস্থায় তাঁকে কামড় দেয় একটি বিষধর সাপ। বিষয়টি বুঝতে পেরেই তড়িঘড়ি তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। মাত্র ১৮ বছর বয়সে এক তরতাজা প্রাণের এমন অকাল মৃত্যুতে গোটা গোকুলতা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সূত্রের খবর, কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতদেহটি মুর্শিদাবাদের গোকুলতা গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে।
একটি পরিবারের স্বপ্ন ও আশা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল এই মর্মান্তিক ঘটনায়। শোকস্তব্ধ গোটা এলাকা।