
বিপজ্জনক অবস্থায় ৫ নম্বর হাটের ১১৭ নম্বর জাতীয় সড়কের সেতু, ১৮ জুলাই থেকে ২৪ ঘণ্টা যান চলাচল বন্ধ রেখে মেরামতির কাজ
Bengal icon news কাকদ্বীপ:
দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় থাকা কাকদ্বীপের ৫ নম্বর হাট এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়কের সেতুর মেরামতির কাজ অবশেষে শুরু হতে চলেছে। সেতুটির অবস্থা এতটাই দুর্বল যে সেখানে ইতিমধ্যেই বড় অক্ষরে সতর্কীকরণ বোর্ডে "সেতুর উপর দিয়ে গাড়ি আস্তে চালান" বলে লেখা হয়েছে। পাশাপাশি সেতুর একাংশ বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ ও যানবাহন সতর্কতার সঙ্গে চলাচল করতে পারেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ জুলাই শনিবার দুপুর ১২টা থেকে সেতুটির মেরামতির কাজ শুরু হবে, যা চলবে ১৯ জুলাই দুপুর ১২টা পর্যন্ত। এই ২৪ ঘণ্টা সেতুর উপর দিয়ে ছোট, বড় কিংবা ভারী—কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। নিরাপত্তার স্বার্থে ওই সময় সেতুর উপর সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখা হবে।
তবে জরুরি পরিষেবার কথা মাথায় রেখে ইমার্জেন্সি পরিষেবার যানবাহন এবং ছোট যানবাহনের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। তারা টেপাখালি খালের পাশের ছোট রাস্তা ব্যবহার করে যাতায়াত করতে পারবেন বলে প্রশাসন জানিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। সেতুর মেরামতির সময় সাধারণ মানুষ ও যানবাহন চালকদের প্রশাসনের নির্দেশ মেনে চলার এবং বিকল্প রাস্তা ব্যবহার করার আবেদন জানানো হয়েছে, যাতে মেরামতির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয় এবং ভবিষ্যতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়।