
বিধায়ক হুমায়ুন কবীরের প্রতীকী শ্রাদ্ধের আয়োজন করল বিজেপি, তপ্ত দুর্গাপুরের রাজনীতি
দুর্গাপুর:বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে অভিনব কর্মসূচি বিজেপির। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের প্রতীকী শ্রাদ্ধের আয়োজন করলেন বিজেপি কর্মী-সমর্থকরা।
জানা গিয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিধায়ক হুমায়ুন কবীরের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়। বিজেপির অভিযোগ, বিধায়ক মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন। যদিও এই বিষয়ে বিধায়কের তরফে কোনো প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।
এই মন্তব্যের প্রতিবাদেই গতকাল দুর্গাপুরে হুমায়ুন কবীরের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে কবরস্থ করার কর্মসূচি নেয় বিজেপি। তার পরের দিন, আজ আরও এক ধাপ এগিয়ে হিন্দু শাস্ত্র মতে মন্ত্রোচ্চারণ করে প্রতীকী পারলৌকিক কাজ সারা হয়।
দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের উত্তরপল্লি এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এই অনুষ্ঠানে পুরোহিতের ভূমিকায় ছিলেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক স্বাধীন ঘোষ। তিনিই মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রতীকী শ্রাদ্ধের কাজ সম্পন্ন করেন।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে কীভাবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন অশালীন মন্তব্য করতে পারেন, তারই প্রতিবাদে এই গণতান্ত্রিক প্রতিবাদ।
এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।