
স্বাধীনতা দিবসের আগে সীমান্ত এলাকা বনগাঁ ও পেট্রাপোল স্টেশনে কড়া নিরাপত্তা, তৎপর জিআরপি ও বম্ব স্কোয়াড
আসন্ন ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে শিয়ালদা ডিভিশনের গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা বনগাঁ এবং পেট্রাপোল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে সাধারণ সতর্কতা ও নিরাপত্তার কড়াকড়ি বাড়াতে রেল প্রশাসন ও পুলিশ এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
আজ, বুধবার বনগাঁ জিআরপি এবং আরপিএফ-এর যৌথ উদ্যোগে পেট্রাপোল ও বনগাঁ স্টেশনের চত্বর, প্ল্যাটফর্ম এবং রেললাইনের চারপাশ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়। তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন জিআরপির উচ্চপদস্থ আধিকারিকরা। স্বাধীনতা দিবসের দিনটিতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়, তা নিশ্চিত করতে ময়দানে নামে বম্ব স্কোয়াডের বিশেষ টিম। মেটাল ডিটেক্টর ব্যবহার করে স্টেশনে আসা যাত্রীদের লাগেজ ও ব্যাগ বিশেষভাবে পরীক্ষা করা হয়।
পাশাপাশি, ভারত-বাংলাদেশ সীমান্ত হওয়ায় বাংলাদেশ থেকে আসা পর্যটকদের পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্টস এবং তাঁদের সঙ্গে থাকা সমস্ত ব্যাগপত্র কঠোরভাবে যাচাই করা হয় ও জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু স্টেশন চত্বরই নয়, শিয়ালদা ও রানাঘাটগামী বিভিন্ন ট্রেনের মধ্যেও চালানো হয় বিশেষ তল্লাশি। স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তারক্ষী মোতায়েন করার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা পরিত্যক্ত বস্তুর ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
শিয়ালদা ডিভিশনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটে রেল প্রশাসনের এহেন কড়া নিরাপত্তামূলক পদক্ষেপে সাধারণ যাত্রীরাও যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন। রেল সূত্রে জানা গেছে, শুধু বনগাঁ বা পেট্রাপোল নয়, শিয়ালদা ডিভিশনের অন্যান্য স্টেশনগুলিতেও স্বাধীনতা দিবসকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে। BMG News Bangla