কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকে এক পুরুষ বিজেপির বুথ সভাপতির অ্যাকাউন্টে গত এক বছর ধরে বিধবা ভাতার টাকা জমা হওয়ার এক নজিরবিহীন ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় মেখলিগঞ্জের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক রাজনৈতিক শোরগোল ও প্রশাসনিক চাঞ্চল্য তৈরি হয়েছে।বিন্দু বর্মণ (বয়স ৬১ বছর), যিনি মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ১৩৪ পানিশালা গ্রামের বিজেপির বুথ সভাপতি।স্বামীহারা নারীদের জন্য বরাদ্দ ‘ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প’-এর টাকা গত এক বছর ধরে জমা হচ্ছিল এই পুরুষ নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।কীভাবে বিষয়টি সামনে এলো?
বিন্দু বর্মণ বার্ধক্য ভাতার জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন। অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করলে তিনি ভাবেন সেটি তাঁর বার্ধক্য ভাতারই টাকা।ব্যাংক অ্যাকাউন্ট এবং সরকারি নথিপত্র পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, তিনি আসলে বিধবা ভাতার আওতায় টাকা পাচ্ছেন। এই তথ্য সামনে আসতেই খোদ উপভোক্তা নিজেই অবাক হয়ে যান।প্রশাসনের পক্ষ থেকে কীভাবে এবং কার ভুলে একজন পুরুষ হওয়া সত্ত্বেও তাঁর নাম বিধবা ভাতার তালিকায় নথিভুক্ত হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।