বিহারের জামুইয়ে কিশোরীকে শ্লীলতাহানি, সঙ্গী যুবককে হেনস্তার ঘটনায় গোটা দেশের নিন্দার ঝড় বইছে। এর মধ্যেই ওড়িশায় একদল ‘নীতিপুলিশ’ চরম হেনস্তা করল যুগলকে। অভিযোগ যুবককে মারধর করা হয়। সঙ্গী যুবতীর সঙ্গে অশালীন আচরণ করারও অভিযোগ। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।ধেনকানাল জেলার পর্যটনস্থল কাপাইলাশমুখী রাস্তায় ঘটেছে এই ঘটনা। মোটরবাইকে চেপে যাচ্ছিলেন যুগল। তখনই একদল ব্যক্তি তাঁদের পথ আটকায়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বেশ কয়েকজন ব্যক্তি ওই দু’জনকে ঘিরে রেখেছেন। যুবককে বাইক থেকে নামিয়ে মারধর করতে দেখা যায়। সেই সঙ্গে অন্য কয়েকজন ব্যক্তি সঙ্গী যুবতীর সঙ্গে অশালীন আচরণ করেন। ভিডিওতে শোনা গিয়েছে, যুবতী অনুনয়-বিনয় করছেন। বারবার বলছেন, আমাদের চলে যেতে দিন। যদিও মন ভেজেনি হেনস্তাকারীদের। তারা যুগলের সঙ্গে দুর্ব্যবহার করেই চলে।একদল লোক কেন ওই দম্পতির রাস্তা আটকায়, জড়িত ব্যক্তিরা একে অপরকে চিনতেন কি না, আগে কোনও কথাবার্তা বা বিবাদ হয়েছিল কি না—তা জানা যায়নি। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইনস্পেক্টর-ইন-চার্জ (আইআইসি) প্রতাপ দালেই জানেন, এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।