দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল
জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায়। স্থানীয়
একটি নামী পোশাকের শোরুমের ভবনে আচমকা আগুন ধরে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশে থাকা আবাসনের বাসিন্দারা। কালীপুজোর রাতে চারদিকে যখন আলো ও আতশবাজির উৎসব চলছে, ওই সময় শহরের কদমতলা এলাকায় থাকা বাণিজ্যিক ভবনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। যদিও সঠিক সময়ে দমকল বাহিনীর তৎপরতায় আগুন আয়ত্তে চলে আসায় খুব বেশি ছড়িয়ে পড়তে পড়তে পারেনি। জানা যাচ্ছে, বাণিজ্যিক স্টোরের দোতলায় উল্টোদিকের ব্যালকনিতে মজুত করে রাখা ছিল পুরনো কাগজ, কার্টন-সহ বিভিন্ন প্লাস্টিকের সামগ্রী। সেখান থেকেই প্রথম আগুনের শিখা দেখতে পান কর্মীরা। খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী। দমকল বাহিনী ও স্টোরের কর্মীদের
তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কালীপুজোর রাতে চারদিকে বাজি পটকা ফাটানোর সময় কোনও আতশবাজির ফুলকি থেকে আগুন লেগেছে, নাকি বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা।