বাঘমুণ্ডির ছাতাটাঁড় ময়দানে মহা সমারোহে উদযাপিত হলো ঐতিহাসিক 'ছাতা মেলা'।
সুপ্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে বহন করে পুরুলিয়া জেলার বাঘমুণ্ডির ছাতাটাঁড় ময়দানে মহা সমারোহে আয়োজিত হলো ঐতিহ্যবাহী 'ছাতা মেলা'। লোকবিশ্বাস ও নিয়ম মেনে সকলের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধির কামনায় দেবরাজ ইন্দ্রের বিশেষ পূজা-অর্চনার মধ্য দিয়ে এই ঐতিহাসিক উৎসবের সূচনা হয়। এদিন দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা পূজাও পালিত হওয়ায় উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে।
বহু প্রাচীন এই ঐতিহাসিক মেলাকে কেন্দ্র করে এদিন ছাতাটাঁড় প্রাঙ্গণে নেমে এসেছিল মানুষের ঢল। দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার দর্শনার্থীর সমাগমে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। রংবেরঙের পসরা ও খাওয়া-দাওয়া, মেলা প্রাঙ্গণে বসেছিল হরেক রকমের দোকান। ছোটদের আকর্ষণীয় খেলনা গাড়ি, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি ছিল জিভে জল আনা রকমারি খাওয়া-দাওয়ার দোকান।
ঐতিহ্যবাহী মোরগ লড়াই জঙ্গলমহল তথা পুরুলিয়ার লোকসংস্কৃতির অন্যতম অঙ্গ 'মোরগ লড়াই'-এর আয়োজন ছিল এই মেলার বিশেষ আকর্ষণ, যা দেখতে প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বছরের পর বছর ধরে নিজস্ব ঐতিহ্য ও প্রথা বজায় রেখে ছাতা মেলা শুধু একটি মেলা নয়, বরং এলাকার মানুষের মেলবন্ধন ও লোকসংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হয়েছে। আনন্দের এই আবহে আবালবৃদ্ধবণিতা সকলেই মেতে ওঠেন সারাদিন।