গোসাবার কুমিরমারিতে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে তীব্র উত্তেজনা! দীর্ঘদিন পর অফিসে ফিরতেই বিক্ষোভ, বোতল ছোড়াছুড়ি—পুলিশি নিরাপত্তায় নৌকায় করে উদ্ধার প্রধান ও স্বামী
দক্ষিণ ২৪ পরগনার গোসাবার কুমিরমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে চরম উত্তেজনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৪ তারিখের পর থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী মণ্ডল নিয়মিত অঞ্চলের অফিসে আসছিলেন না। তাঁকে ঘিরে এলাকায় ক্ষোভ ক্রমশ বাড়ছিল বলে দাবি স্থানীয়দের।
এরই মধ্যে আজ সকাল সকাল হঠাৎ করে কুমিরমারি অঞ্চল অফিসে হাজির হন গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী মণ্ডল এবং তাঁর স্বামী অঙ্কন মণ্ডল। তাঁদের আসার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই অফিস চত্বরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে তীব্র বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে শুরু হয় বোতল ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
খবর যায় গোসাবা থানায়। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীদের ঘেরাটোপ থেকে কোনওরকমে শ্রাবণী মণ্ডল এবং তাঁর স্বামী অঙ্কন মণ্ডলকে উদ্ধার করে পুলিশ।
পরে তাঁদের নৌকায় তুলে নিরাপদে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এখনও কুমিরমারি এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী।