গদাই কর্মকার মালদাঃ বিভিন্ন নেশা থেকে যুবসমাজকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে দুই দিনব্যাপী দিবারাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শুক্রবার রাতে ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা শীতলা মন্দির ময়দানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা, সমাজসেবী শুভ দাস, উদ্যোক্তা প্রতাপ হালদার, সনু পাহাড়ি, ধ্রুব দাস-সহ অন্যান্য ক্রীড়াপ্রেমীরা। অতিথিদের বরণ করার পর ফুটবলে কিক করে প্রতিযোগিতার সূচনা করা হয়।
উদ্যোক্তারা জানান, বর্তমানে অনলাইন গেমের প্রতি যুবসমাজের আসক্তি বাড়ছে। পাশাপাশি বিভিন্ন নেশার কবলে পড়ে অনেকেই বিপথে যাচ্ছে। যুবকদের মাঠমুখী করে সুস্থ পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ। প্রতিযোগিতায় জেলা ও ভিন জেলার প্রায় শতাধিক দল অংশ নেয়। প্রতিটি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকবে। ছোট গোলপোস্টে অনুষ্ঠিত হয় খেলা এবং প্রতিটি ম্যাচের সময়সীমা ১০ মিনিট।
প্রতিযোগিতাকে ঘিরে মাঠে ভিড় জমান ফুটবলপ্রেমীরা। চ্যাম্পিয়ন দলকে ৬ হাজার টাকা এবং রানার্স দলকে সাড়ে ৪ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
কাউন্সিলর সুজিত সাহা বলেন, এই ধরনের উদ্যোগে যুবকরা মাঠমুখী হবে এবং মোবাইল গেম ও নেশা থেকে দূরে থাকবে। উদ্যোক্তাদের সাধুবাদ জানান তিনি।