নাগরিকদের নানা সমস্যা ও সরকারি পরিষেবা সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধানে পুরুলিয়ার মানবাজারে চালু হলো ‘নেতাজি সুভাষচন্দ্র বসু বিধায়ক সেবা কেন্দ্র’। সোমবার ফিতে কেটে এই সেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজারের বিধায়ক ময়না মুর্মু, বলরামপুর বিধানসভার বিধায়ক জলধর মাহাতো সহ স্থানীয় বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয়।
এ বিষয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানান, সাধারণ মানুষের অভিযোগ সরাসরি জনপ্রতিনিধিদের কাছে পৌঁছানো এবং সরকারি পরিষেবার জটিলতা মেটানোর লক্ষ্যেই এই কেন্দ্রটি তৈরি করা হয়েছে। এটি সাধারণ নাগরিক ও জনপ্রতিনিধিদের মধ্যে সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।