ভোট পরবর্তী হিংসার মামলায় জামিন পেলেন জেলবন্দি উদয়ন গুহ
ভোট পরবর্তী হিংসার মামলায় জামিন পেলেন জেলবন্দি উদয়ন গুহ
শিশুমঙ্গল সমিতির আর্থিক দুর্নীতি-সহ একাধিক মামলায় জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। এরই মধ্যে মঙ্গলবার একটি মামলায় জামিন পেলেন তিনি। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় উদয়ন গুহ ও তৃণমূল কর্মী হযরত মিয়াকে জামিন মঞ্জুর করেছে দিনহাটা আদালত।
সরকার পক্ষের আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত জানান, দিনহাটার বুড়িরহাটে তপন বর্মণের বাড়িঘর ভাঙচুর ও হামলার অভিযোগে দায়ের হওয়া ভোট পরবর্তী হিংসার মামলায় এ দিন দু’জনের জামিন মঞ্জুর হয়।
আদালত সূত্রে জানা গিয়েছে, মামলার অভিযোগকারী তপন বর্মণ নিজেই বিচারকের কাছে হলফনামা দিয়ে অভিযুক্তদের জামিনে তাঁর কোনও আপত্তি নেই বলে জানান। এরপরই দিনহাটা আদালতের বিচারক উদয়ন গুহ ও হযরত মিয়ার জামিন মঞ্জুর করেন। তবে অন্যান্য মামলায় জেল হেফাজতে থাকায় উদয়ন গুহ এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না।