বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের
ধুলাই গ্রাম পঞ্চায়েত দখল নিল বিজেপি
প্রধান হলেন রেখা বাগদী
বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধুলাই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল, এবার সেই গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। এই গ্রাম পঞ্চায়েতে মোট ১৮টি আসন। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে ১০টি আসনে তৃণমূল জয়লাভ করে, সাতটি আসনে বিজেপি জয়লাভ করে এবং ১টি আসনে সিপিআই এম জয়লাভ করে। স্বাভাবিকভাবেই সেই সময় তৃণমূল বোর্ড গঠন করে এই গ্রাম পঞ্চায়েতে।
রাজ্যে পালাবদলের পর গত ১৫ জুন এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পদত্যাগ করেন। এরপর অন্যান্য সদস্যরা অনাস্থা প্রস্তাব আনে। বুধবার ব্লক প্রশাসনের উপস্থিতিতে প্রধান নির্বাচন করা হয়। সেখানে বিজেপির সাতজন ও তৃণমূলের তিনজন সদস্যের সমর্থনে এই গ্রাম পঞ্চায়েতের ৩৭ নম্বর বুথ অর্থাৎ বিদ্যাধরপুর বুথের বিজেপি সদস্য রেখা বাগদি প্রধান নির্বাচিত হয়। বিজেপি এই পঞ্চায়েত দখল করায় বিজেপি কর্মী-সমর্থকরা আবির মেখে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। প্রধানকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় কর্মী সমর্থকেরা।